যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক। তবে ঘটনাস্থলে থাকা এনসিপির যুক্তরাজ্য শাখার নেতাকর্মীদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে নাহিদ ইসলামকে নিরাপদে গাড়িতে তুলে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়।
এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন নাহিদ ইসলাম। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে যান তিনি।
অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বাইরে আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থকের মুখোমুখি হন নাহিদ। এ সময় তাকে ঘিরে হেনস্তার চেষ্টা করা হলে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা তাকে গাড়িতে তুলে দেন।
ঘটনার একটি ভিডিও রোববার বাংলাদেশ সময় মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল। ভিডিওতে দেখা যায়, এনসিপির যুক্তরাজ্যপ্রবাসী কয়েকজন সমর্থক নাহিদ ইসলামকে গাড়িতে তুলে দিচ্ছেন। এ সময় গাড়ির সামনে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে এনসিপির সমর্থকদের বাগবিতণ্ডা হয়। এর মধ্যেই নাহিদকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।
ভিডিওর সঙ্গে এম এ হিমেল লেখেন, ‘এভাবে আমরা নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার থেকে বের করলাম। আওয়ামী লীগ আমাদের কচুটাও ছিঁড়তে পারেনি।’
তার প্রকাশ করা আরেকটি ভিডিওতে এনসিপির সমর্থকদের আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কেমব্রিজে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে এনসিপির দাঁতভাঙা জবাব।’
ঘটনার বিষয়ে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগের লোকজন বরাবরই এনসিপির নেতাদের হেনস্তার চেষ্টা করে। শনিবার রাতেও তারা একই চেষ্টা করেছে, তবে সফল হয়নি। নাহিদ ইসলাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তার অনুষ্ঠান সফলভাবে শেষ করে নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। বাইরে আওয়ামী লীগের লোকজন চিৎকার-চেঁচামেচি করেছে।
এদিকে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার ঘটনায় এনসিপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দলটির নেতাদের দাবি, এর আগে যুক্তরাজ্যে এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহকে হেনস্তার চেষ্টার ঘটনার সঙ্গে শনিবারের ঘটনারও যোগসূত্র রয়েছে। এসব ঘটনার সংগঠক হিসেবে একজনকে তারা শনাক্ত করেছেন।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামের অনুষ্ঠানস্থলের বাইরে আওয়ামী লীগের সমর্থকেরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন। তবে এনসিপির অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত থাকায় তারা সুবিধা করতে পারেননি।
তিনি আরও বলেন, জুলাইপন্থি নেতাদের হেনস্তার চেষ্টা করা হচ্ছে। নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান মুখ হওয়ায় তার প্রতি তাদের আক্রোশ রয়েছে। তবে এখন তাদের সঙ্গে আগের মতো লোকজন নেই। ১০ থেকে ১৫ জন উগ্র ব্যক্তি ছাড়া আর কেউ আসছেন না। এটি তাদের শক্তিক্ষয় বা মনোবল ভেঙে পড়ার লক্ষণ বলে মন্তব্য করেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম