মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জ জেলা বিএনপির অধীন সব ইউনিয়নে সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
উদ্বোধনী বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কি ফ্যাসিবাদ ফিরে আসুক, সেটি চান? সতেরো বছর যে নির্যাতনের শিকার হয়েছেন, সেটি আবারও চান? যদি না চান, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
মনোনয়ন ফরম বিতরণ ও প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আজ থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু হলো। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সদস্যদের কাছ থেকে আগ্রহীরা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। ফরম যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির অধীন বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান পদে আগ্রহী সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।