বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় বলেছেন, ২০২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হলে জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। একই সঙ্গে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের মনেও আশার সঞ্চার হয়। এরই ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশে এবারই প্রথম দুর্গাপূজা ও শ্যামাপূজা নির্বিঘ্নে উদযাপিত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুটি ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে সরকারের বিভিন্ন বাহিনী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএনপির নেতাকর্মীরা কাজ করেছেন।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অপর্ণা রায়।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শ্রী কমল কুমার ত্রিবেদীর সভাপতিত্বে এবং তরুণ কুমার সাহার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সদস্য সুভাষ চন্দ্র দাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মো. তোসিকুল ইসলাম, ইউসুফ আলী, যুবদল জেলা শাখার সদস্যসচিব গোলাম কিবরিয়া, ফারুক হোসেন, আবেদ হোসেন, ছাত্রদল জেলা শাখার সদস্যসচিব আখতারুজ্জামান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক শ্রী মহন্ত হালদার ও সদস্যসচিব সঞ্জীব সাহাসহ অনেকে।
অনুষ্ঠানে নির্বিঘ্নে পূজা উদযাপনের ব্যবস্থা করায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এবং দেশের সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অপর্ণা রায়। একই সঙ্গে আগামীতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সব সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম