বগুড়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রাহুলের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত রাহুল পলাতক রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল ৪টার দিকে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রাহুলের দাদার বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি জানাজানি হলে রাহুল পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তার দাদি রহিমা বেগম বেলি (৬৫) ও দাদা লুৎফর রহমান লুদুকে (৭০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা ইলিয়াছ উদ্দিন বলেন, ছোট একটি শিশুর সঙ্গে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, গত ১৬ অক্টোবর তাদের চারটি মুঠোফোন চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে রাহুল ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।
তিনি আরও জানান, শনিবার বিকেলে মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে রাহুলের দাদার বাড়ি থেকে তাকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, শনিবার বিকেলে মুঠোফোনে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পেয়ে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে। শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম