দিনাজপুরের বিরলে মাদ্রাসার বাথরুম থেকে শাফায়েত হোসেন (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল্লাহ (১১) নামে আরেক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিরল পৌরশহরের কলেজ রোডে অবস্থিত মাদ্রাসাতুস সুন্নাহ নামের একটি কওমি মাদ্রাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাফায়েত হোসেন উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের লোকমান আলীর ছেলে। আটক আব্দুল্লাহও ওই মাদ্রাসার শিক্ষার্থী।
দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম