নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘট ও হরতালের কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে রেললাইন অবরোধের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় এবং ছাত্রলীগের কর্মসূচির সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। এটি গত ৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় বাসিন্দাদের রেলপথ অবরোধের ঘটনার দৃশ্য।
মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রলীগের ডাকা হরতাল ও ধর্মঘটের অংশ হিসেবে দাবি করে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। ভিডিওতে রেললাইন অবরোধ করে রাখতে দেখা যায়।
তবে ভিডিওটি পর্যবেক্ষণ ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য যাচাই করে এর ভিন্ন প্রেক্ষাপট পাওয়া গেছে।
অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজে গত ৮ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। আলোচিত ভিডিওটির সঙ্গে ওই ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। যমুনা টিভির পোস্টে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধের ঘটনা এটি।
এ বিষয়ে একই দিন সমকালের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও ঘটনার বিস্তারিত জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, গত ৮ নভেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন এবং একই নামে উপজেলা করার উদ্যোগের প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের সঙ্গে আলোচনা এবং দাবি সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন তারা।
অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের আজকের কর্মসূচির অংশ হিসেবে প্রচারিত রেললাইন অবরোধের ভিডিওটি প্রকৃতপক্ষে ৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের দৃশ্য। ভিডিওটির সঙ্গে ছাত্রলীগের ডাকা হরতাল বা ধর্মঘটের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম