ব্যক্তিগত স্বামী-স্ত্রীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি মামলায় আব্দুল্লাহ আল মামুনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
আব্দুল্লাহ আল মামুন দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। তিনি চণ্ডীপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক করিম উল্লাহ মাস্টারের ছেলে।
সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, গত ১ নভেম্বর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে সাহেব আলী সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলাটি করেন। ওই মামলায় গত বুধবার নিজ বাড়ি থেকে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত ল্যাপটপের সঙ্গে দুই হাজার জিবি ধারণক্ষমতার একটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
সোমবার মামলার আসামিপক্ষের আইনজীবী এ বি এম আনিছুজ্জামান জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন উপপরিদর্শক (সিএসআই) মাজাহারুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে দেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কারণে প্রায় সাত মাস আগে স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীকে তালাক দেন আলমগীর হোসেন। পরবর্তী সময়ে ওই নারীর সঙ্গে দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক জিসান বাবুল (২৮) ও আব্দুল্লাহ আল মামুনের পরিচয় ও যোগাযোগ হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, চেয়ারম্যান আলমগীর হোসেনের পারিবারিক জীবনের কিছু ব্যক্তিগত ভিডিও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে অন্যদের হাতে পৌঁছায়। পরে গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফায় টাকা দাবি করা হয়। একপর্যায়ে ভিডিও মুছে দেওয়ার কথা বলে এক লাখ টাকা দাবি করা হয়।
এ ঘটনায় চেয়ারম্যান আলমগীর হোসেন বাদী হয়ে ছাত্রদল নেতা জিসান বাবুল, নৌবাহিনী থেকে কোর্ট মার্শালের মাধ্যমে বহিষ্কৃত বলে উল্লেখ করা আব্দুল্লাহ আল মামুন এবং তার সাবেক দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীসহ অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে। তবে অন্য আসামিরা এখনো গ্রেপ্তার হননি বলে জানা গেছে।
এদিকে আব্দুল্লাহ আল মামুন কারাগারে থাকলেও সোমবার তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘ঘটে যাওয়া সম্পূর্ণ বিষয়টি ছিল মূল একজন নারীকে বাঁচানোর চেষ্টা।’ কারাগারে থাকা আসামির ফেসবুক অ্যাকাউন্ট থেকে কীভাবে স্ট্যাটাস দেওয়া হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
মামলার বাদী চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী বলেন, ‘পর্নোগ্রাফি মামলায় জেলে থেকে কিভাবে সে ফেসবুকে স্ট্যাটাস দেয়? তাহলে কি সে জেলখানায় বসে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করছে, নাকি তার গ্রুপের সক্রিয় সদস্যরা বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, মামলার দুই নম্বর আসামি গ্রেপ্তার হলেও অন্যরা এখনো আটক হননি। অভিযুক্তদের গ্রেপ্তারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কারাগারে থাকা আসামির ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসামির ব্যবহৃত হার্ডডিস্কসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে। তবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়ে তাদের কিছু জানা নেই।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম