জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ঘিরে দলের ভেতরে অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নতুন কমিটিতে বেশ কিছু নতুন পদ সৃষ্টি করে একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হলেও পুরোনো অনেক নেতার পদাবনতি হয়েছে। বাদ পড়েছেন আগের কমিটির অন্তত দেড় ডজন নেতা। অন্যদিকে দলের শুরু থেকে যুক্ত থাকা অনেক নেতা প্রত্যাশা অনুযায়ী মূল্যায়িত হননি বলে অভিযোগ উঠেছে। বিপরীতে অপেক্ষাকৃত পরে দলে যোগ দেওয়া কয়েকজন নেতা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।
দলীয় সূত্র জানায়, নতুন কমিটি ঘোষণার পর দলের অধিকাংশ নেতাকর্মীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাদের তেমন শুভেচ্ছা বা অভিনন্দন জানাতে দেখা যায়নি। কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় কেউ কেউ অসন্তুষ্ট হলেও প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাতে পারছেন না।
এনসিপির একাধিক নেতার অভিযোগ, গঠনতন্ত্র ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে কাকে বাদ দেওয়া হয়েছে কিংবা কাকে নতুন করে যুক্ত করা হয়েছে, তা স্পষ্ট নয়। দীর্ঘদিন দলের জন্য কাজ করেও অনেকে সম্পাদকীয় পদ পাননি। অথচ ‘আপ বাংলাদেশ’ থেকে আসা কিংবা নতুন যোগ দেওয়া কয়েকজনকে সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহসম্পাদক পদ দেওয়া হয়েছে।
তাদের আরও অভিযোগ, বিগত সময়ে দলের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করা নেতাদের সেসব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে দলের মধ্যে অসন্তোষ রয়েছে।
তবে এনসিপির নীতিনির্ধারণী ফোরামের নেতারা বলছেন, সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন পদ যুক্ত করা হয়েছে। এতে কারও পদমর্যাদা কমেছে, কারও বেড়েছে। পদায়নের মাধ্যমে সাংগঠনিক ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, দলের যাকে যেখানে প্রয়োজন, তাকে সেখানে পদায়ন করা হয়েছে। যার যে যোগ্যতা, সে অনুযায়ী মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। এটি আহ্বায়ক কমিটি। আগামীতে দলের কাউন্সিল হলে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা করেন তিনি।
রাজনৈতিক পর্ষদের আরেক সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, দলের পুরো সাংগঠনিক কাঠামো পরিবর্তন করা হয়েছে। মুখ্য সমন্বয়ক ও মুখ্য সংগঠকের মতো পদগুলো মানুষের কাছে তেমন পরিচিত নয়। তাই এসব পদ বিলুপ্ত করে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি পদাবনতি হিসেবে দেখার সুযোগ নেই।
পুরোনো অনেক নেতার পদাবনতি
এনসিপির পুনর্গঠিত কমিটিতে ৩২টি সম্পাদক পদ যুক্ত করা হয়েছে। এসব পদের সঙ্গে এক বা দুজন করে সহসম্পাদকও রাখা হয়েছে। অন্যদিকে আগের কমিটির মুখ্য সমন্বয়ক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক ও যুগ্ম মুখ্য সমন্বয়ক পদগুলো বিলুপ্ত করা হয়েছে।
নতুন কমিটিতে আগের কমিটির পরিচিত অনেক নেতার পদাবনতি হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীপ। নতুন কমিটিতে দুজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সামান্তা শারমিনকে রাজনৈতিক পর্ষদেও রাখা হয়নি। কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ এবং জামায়াতের সঙ্গে জোটের কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার তিনি দল থেকে পদত্যাগ করেন।
আগের কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভাকে নতুন কমিটিতে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া আগের কমিটির ১৬ জন যুগ্ম সদস্য সচিবকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে তাহসীন রিয়াজ আন্তর্জাতিক সম্পাদক, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা আইন সম্পাদক, জয়নাল আবেদিন শিশির প্রচার সম্পাদক, ফয়সাল মাহমুদ শান্ত শিক্ষা সম্পাদক এবং এ এস এম সুজাউদ্দীন সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম দক্ষিণ) হয়েছেন।
অন্যদিকে রাফে সালমান রিফাত ও তারেক রেজাকে সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা), অ্যাডভোকেট হুমায়রা নূরকে নারীবিষয়ক সম্পাদক, মোল্লা মোহাম্মদ ফারুক এহসানকে কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক, সাগুফতা বুশরা মিশমাকে পরিবেশ ও জলবায়ু সম্পাদক, মশিউর রহমানকে গণশিক্ষাবিষয়ক সম্পাদক, লুৎফর রহমানকে সংস্কৃতিবিষয়ক সম্পাদক, আহনাফ সাইদ খানকে ক্রীড়া সম্পাদক, তানিম আহমেদকে জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক, মোহাম্মদ মিরাজ মিয়াকে যুব ও কর্মসংস্থান সম্পাদক এবং ডা. জাহেদুল ইসলামকে মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক করা হয়েছে।
এনসিপির প্রচার সম্পাদক জয়নাল আবেদিন শিশির বলেন, দপ্তর, প্রচার ও বিভাগীয় সম্পাদক পদগুলো দলের গুরুত্বপূর্ণ পদ। সবাইকে পদোন্নতি দিয়ে বিষয়ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দিষ্ট দায়িত্ব পাওয়ায় আগের চেয়ে কাজের পরিধি বেড়েছে।
৪২ নেতার পদোন্নতি
পুনর্গঠিত কমিটিতে আগের কমিটির অন্তত তিন ডজন নেতা পদোন্নতি পেয়েছেন। আগের কমিটিতে মুখ্য সমন্বয়কের দায়িত্বে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব। মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব। মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ হয়েছেন যুগ্ম আহ্বায়ক।
আগের কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পাঁচজনকে পদোন্নতি দিয়ে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ব্যারিস্টার সানি আব্দুল হক ও প্রীতম দাশ।
এ ছাড়া মুখ্য সমন্বয়কের দায়িত্বে থাকা দিলশানা পারুল ও যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সম্প্রতি দলে যোগ দেওয়া ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি একে ফ্লোরা এবং মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলও যুগ্ম আহ্বায়ক হয়েছেন।
আগের কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। সাদিয়া ফারজানা দিনা পেয়েছেন দপ্তর সম্পাদকের দায়িত্ব। আইনজীবী সংগঠনের সদস্য অ্যাডভোকেট এরশাদুল বারিকে করা হয়েছে সহ-আইন সম্পাদক।
এ ছাড়া সদস্য পদ থেকে অন্তত ২৫ জনকে বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে আশরেফা খাতুন সহ-আন্তর্জাতিক সম্পাদক, ইফতেখারুল ইসলাম সহ-দপ্তর সম্পাদক, ড. শামীম হামিদী সাংগঠনিক সম্পাদক (বরিশাল), আয়মান রাহাত সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা), ইয়াসির আরাফা মিডিয়া সম্পাদক, রাশেল উল আলম তথ্যপ্রযুক্তি সম্পাদক এবং ব্যারিস্টার নুরুর হুদা জুনেদ প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হয়েছেন।
বাদ পড়েছেন দেড় ডজন নেতা
নতুন কমিটি থেকে আগের কমিটির অন্তত দেড় ডজন নেতা বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান আলী, যুগ্ম সদস্য সচিব মোশফিকুর রহমান জোহান ও আফসানা ছপা।
এ ছাড়া ইমন সৈয়দ, নাজমুল হাসান সোহাগ, মোহাম্মদ রাকিব, আজিজুর রহমান রিজভী, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান, কাউছার হাবিব, আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, নফিউল ইসলাম ও মো. রাকিব হোসেন নতুন কমিটিতে স্থান পাননি।
আগের কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের, শেখ মোহাম্মদ শাহ মঈনুদ্দিন ও সাদ্দাম হোসেনও নতুন কমিটিতে কোনো পদ পাননি।
নতুন যোগ দেওয়া ১৭ নেতার পদায়ন
এনসিপির শুরু থেকে যুক্ত থাকা কয়েকজন নেতা বাদ পড়লেও নতুন যোগ দেওয়া অন্তত ১৭ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আসা শাহাদাত হোসেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, সিলেটের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফ এবং খুলনার সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা।
এ ছাড়া বরিশালের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সালমান, ঢাকা বিভাগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাল মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, তথ্য ও গবেষণা সম্পাদক ইশতিয়াক আকিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এবং শিল্প ও বাণিজ্য সম্পাদক মাজেদুর রহমানসহ আরও কয়েকজন নতুন দায়িত্ব পেয়েছেন।
নারী নেতৃত্ব ও প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন
এনসিপির অঙ্গসংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু ও মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে। এর মধ্যে মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুমকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য করা হয়েছে।
তবে জাতীয় যুবশক্তি, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি, জাতীয় শ্রমিকশক্তি ও জাতীয় কৃষকশক্তির শীর্ষ নেতাদের কেউ কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাননি। এ নিয়ে দলের ভেতরে প্রশ্ন উঠেছে।
দলীয় নেতাদের ভাষ্য, অঙ্গসংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবদের কেন্দ্রীয় কমিটিতে না রেখে ৫১ সদস্যের নির্বাহী কমিটিতে রাখার পরিকল্পনা ছিল। কিন্তু জাতীয় নারীশক্তির ক্ষেত্রে সেই নীতি অনুসরণ করা হয়নি। এ কারণে নারী নেতৃত্বের সংকট, নাকি পদ বণ্টনে বৈষম্য কিংবা স্বজনপ্রীতি—এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ।
গঠনতন্ত্র অনুযায়ী নারী প্রতিনিধিত্ব নেই
এনসিপির গঠনতন্ত্রের ৪.৩ ধারা অনুযায়ী, দলের কমিটিগুলোতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকার কথা। কিন্তু ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে নারী রয়েছেন মাত্র ১৩ জন। তাদের মধ্যে সামান্তা শারমিন গত বৃহস্পতিবার দল থেকে পদত্যাগ করেছেন।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্যের মধ্যে নারী রয়েছেন মাত্র দুজন। তারা হলেন ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম। গঠনতন্ত্রের লক্ষ্য অনুযায়ী এ ফোরামে আরও তিনজন নারী থাকার কথা।
রাজনীতিতে নারীদের এগিয়ে নেওয়ার কথা বললেও দলের সাংগঠনিক কাঠামোয় তাদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি বলে মনে করছেন এনসিপির কয়েকজন নেতা। ফলে নতুন কমিটি গঠন ও পদ বণ্টন নিয়ে অসন্তোষের পাশাপাশি নারী প্রতিনিধিত্বের বিষয়টিও আলোচনায় এসেছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম