তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের পকেট কাটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম কমলেও দেশে বারবার মূল্যবৃদ্ধি করা হচ্ছে।
রোববার (৮ নভেম্বর) সিলিন্ডার গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকার তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে বারবার দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে। পৃথিবীর বিভিন্ন দেশে যখন তেল ও গ্যাসের দাম কমছে, তখন বাংলাদেশে বাড়ানো হচ্ছে। সরকারের মন্ত্রীরা চোখ বন্ধ করে জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করছেন।
দেশে সারের সংকট প্রসঙ্গে তিনি বলেন, চাহিদা অনুযায়ী সার বরাদ্দ দেওয়া হচ্ছে না। অথচ কৃষিমন্ত্রী দাবি করছেন, দেশে সারের কোনো সংকট নেই। একদিকে সারের বরাদ্দ নেই, অন্যদিকে দলীয়করণের মাধ্যমে ডিলার নিয়োগ দিয়ে এক হাজার টাকার সারের বস্তা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এভাবে জনগণের পকেট কাটা হচ্ছে।
তিনি সরকারের নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
সমাবেশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাজারের সিন্ডিকেটের কবলে শুধু বাজার নয়, প্রধানমন্ত্রীও পড়েছেন। সিন্ডিকেটের কারণে তিনি নিজেও কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। সরকারের নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর হাতে নেই; বরং বিএনপির ভেতরের সিন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি সরকার সবকিছুর দাম বাড়ালেও কেবল মানুষের জীবনের মূল্য কমেছে।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, হাফেজ রাশেদুল ইসলাম এবং ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম