যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে স্টপলিস্টে নাম থাকায় হিমাংশু পাল নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।
আটক হিমাংশু পাল বাগেরহাটের স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি হাড়িখালী এলাকার বাসিন্দা অমলেন্দু পালের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হিমাংশু পালের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজতে সাময়িকভাবে রাখার অনুরোধ জানানো হয়েছিল। পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টার দিকে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমির বলেন, ইমিগ্রেশনে আটক যুবলীগ নেতাকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাগেরহাট সদর থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাকে ওই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, আটক ব্যক্তি বর্তমানে বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম