দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বিএনপিসহ বর্তমান রাজনৈতিক নেতৃত্ব বারবার বলেছিল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতির উন্নতি না হয়ে বরং আরও অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কার্যকর ও দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
দেশে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত প্রকাশের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অথচ বর্তমান পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে।
নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হামলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এ ধরনের ঘটনা নাগরিকের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একদিকে আওয়ামী লীগ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দমন-পীড়নের পথে হাঁটছে। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় সহিংসতা ও দমননীতির আশ্রয় নেওয়ায় সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতি এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের রাজনীতির মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হলে নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম