মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও নির্ধারিত নকশা ও মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই নম্বরপ্লেট স্থাপন করতে হবে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণ কার্যক্রম জোরদার করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৬ অক্টোবর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ, রং ও উপকরণ ব্যবহারের নির্দেশনা দিয়েছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) সংযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক। পাশাপাশি এবার মোটরসাইকেলের সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে। এ জন্য মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত মান অনুসরণ করে ম্যানুয়াল নম্বরপ্লেট তৈরি ও স্থাপন করতে হবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা বা অতিরিক্ত শোভাবর্ধন করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটিমাত্র অনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে।
বিআরটিএ স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের জন্য পৃথক মাপ নির্ধারণ করেছে।
স্কুটারের ক্ষেত্রে:
দৈর্ঘ্য: ২০০ মিলিমিটার
প্রস্থ: ১০০ মিলিমিটার
অক্ষর ও সংখ্যার উচ্চতা: কমপক্ষে ২০ মিলিমিটার
অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে:
দৈর্ঘ্য: ২৮৫ মিলিমিটার
প্রস্থ: ৫০ মিলিমিটার
অক্ষর ও সংখ্যার উচ্চতা: কমপক্ষে ২০ মিলিমিটার
বিআরটিএর গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেল মালিকদের নির্ধারিত নকশা, রং ও মাপ অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সামনের নম্বরপ্লেট স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম