সন্ত্রাসবিরোধী আইনে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সঞ্জয় কুমার বাড়ৈ (৩৫) আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্যও।
পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সড়কে মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। এতে সঞ্জয় কুমার বাড়ৈসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।
মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার বাড়ৈকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম