নিজের ফ্ল্যাটে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও তৈরি করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে নতুন করে আলোচনায় এসেছেন ভারতের রিয়েলিটি শো তারকা উরফি জাভেদ। মুম্বাইয়ে নিজের আবাসন সমিতির বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন তিনি। তার দাবি, অতিথিদের প্রবেশে বিধিনিষেধ আরোপের পাশাপাশি তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে এবং ফ্ল্যাটে কনটেন্ট তৈরিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক পোস্ট দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন উরফি।
অভিনেত্রীর দাবি, সন্ধ্যা ৬টার পর আবাসনে অতিথি প্রবেশের নিয়ম নিয়ে আপত্তি জানিয়ে তিনি মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তার অভিযোগ, ফ্ল্যাটে আসা অতিথিদের কাছে ক্যামেরা বা শুটিংয়ের সরঞ্জাম রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তাদের আটকে দেওয়া হচ্ছে। এমনকি অতিথিদের ব্যাগও তল্লাশি করা হচ্ছে।
উরফির ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের জন্য ভিডিও তৈরি করাকে বাণিজ্যিক কার্যক্রম হিসেবে বিবেচনা করে আবাসন সমিতি তার ফ্ল্যাটে কনটেন্ট শুটিং নিষিদ্ধ করেছে। নিজের ব্যক্তিগত বাসস্থানে এমন বিধিনিষেধ আরোপের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
এর আগে সন্ধ্যা ৬টার পর ফ্ল্যাটে অতিথি আনতে হলে বাড়ির মালিকের মাধ্যমে অনুমতি নেওয়ার নিয়ম করা হয়েছিল বলে জানান উরফি। এ নিয়মের বিরুদ্ধেই প্রথম আপত্তি জানান তিনি। পুলিশের সঙ্গে যোগাযোগের পর তার ওপর চাপ আরও বেড়েছে বলে অভিযোগ করেন অভিনেত্রী।
উরফির আরও দাবি, পুলিশের কাছে যাওয়ার পর আবাসন সমিতির সদস্যরা তার বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করে তাকে ফ্ল্যাট থেকে বের করে দেওয়ার অনুরোধ জানান। তবে বাড়িওয়ালা সেই অনুরোধে সাড়া দেননি বলে জানান তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে উরফি লেখেন, এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘ভঙ্গুর পুরুষ-অহংকারে’ আঘাত লেগেছে। তার অভিযোগ, চার-পাঁচজন পুরুষ তাকে হয়রানি করতে এমন কৌশল অবলম্বন করছেন। একই সঙ্গে নিজের অবস্থানের জন্য গর্ববোধ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
নিজের বাড়িতে কনটেন্ট তৈরি এবং অতিথিদের ব্যাগ তল্লাশির মতো ঘটনার সমালোচনা করে উরফি প্রশ্ন তোলেন, ব্যক্তিগত বাসস্থানে এমন নিষেধাজ্ঞা কতটা আইনসম্মত। তার বক্তব্য, অন্যরাও নিজেদের বাড়িতে কনটেন্ট তৈরি করেন। নিজের বাড়িতে কী করবেন, সেটি তার ব্যক্তিগত বিষয়।
তবে উরফির এসব অভিযোগের বিষয়ে আবাসন সমিতির কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে আরোপিত বিধিনিষেধগুলোর আইনগত বৈধতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
পেশাগতভাবে সম্প্রতি ‘স্প্লিটসভিলা এক্স৬’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে দেখা গেছে উরফিকে। সানি লিওন, করণ কুন্দ্রা ও নিয়াশর্মার সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন তিনি।
আবাসন সমিতির সঙ্গে উরফির এই বিরোধের মধ্য দিয়ে ব্যক্তিগত বাসস্থানে স্বাধীনভাবে কনটেন্ট তৈরি, অতিথিদের প্রবেশাধিকার এবং আবাসিক নিয়মকানুন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম