ময়মনসিংহের ত্রিশালে বাস ও লেগুনার সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার উকিলবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন ত্রিশাল উপজেলার ধলাইমান গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি উকিলবাড়ী এলাকায় অবস্থিত আরএফএল কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে উকিলবাড়ী মোড়ে একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। এতে আলমগীর হোসেন নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ ও আহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম