পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন মারুফ (২২) ও রাসেল (৪০)। তারা ঢাকার খিলগাঁও এলাকা থেকে সহকর্মীদের সঙ্গে অফিস ট্যুরে পদ্মা নদী এলাকায় ঘুরতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খিলগাঁও থেকে আটজনের একটি দল পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসেন। পরে তারা সেতুর ৪ নম্বর পিলারের কাছের চরে গিয়ে নদীতে নামেন। একপর্যায়ে মারুফ ও রাসেল নদীতে নামলে তীব্র স্রোত ও গভীর পানিতে ভেসে যান। বিষয়টি বুঝতে পেরে তাদের সহকর্মী ও স্থানীয়রা দ্রুত পুলিশ ও উদ্ধারকারী দলকে খবর দেন।
খবর পেয়ে পদ্মা-মাওয়া নৌপুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তল্লাশি শুরু করে। একই সঙ্গে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরাও নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ শুরু করেন। তবে রাত ৭টা পর্যন্ত তাদের সন্ধান না পাওয়ায় তল্লাশি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মামুন খসরু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিখোঁজদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড একযোগে কাজ করেছে। তবে তাদের সন্ধান পাওয়া যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম