যশোরে যশোর-বেনাপোল মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় এবং একই এলাকার মতিউর রহমানের ছেলে শাহরিয়ার হোসেন রুহান (১৮)।
আহতরা হলেন, একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরের দিকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের মধ্যে সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অন্য দুজন ছিলেন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের আরোহী। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কেরামত আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম