গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গোডাউনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সেখানে কার্টন, সুতা ও অন্যান্য দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়।
বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্ট ও আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য সতর্কতার সঙ্গে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম