কুষ্টিয়ার মিরপুরে পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে ডাকাতদলের কবলে পড়েছেন চার নারীসহ কয়েকটি যানবাহনের যাত্রীরা। সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোন লুট করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালীতলা বিষিনতা মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ৫ থেকে ৬ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল নির্জন সড়কের ওপর গাছের ডাল ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। এ সময় পূজামণ্ডপ থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন চার নারী। ডাকাতেরা ভ্যানটির গতিরোধ করে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
একই সময়ে ওই সড়ক দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে একাধিক স্মার্টফোন ও নগদ টাকা লুট করা হয়।
এদিকে, ওই সড়ক দিয়ে যাওয়ার সময় এক মোটরসাইকেলচালক দূর থেকে ডাকাতির ঘটনা দেখতে পেয়ে দ্রুত পেছনের একটি মোড়ে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে ঘটনাস্থলে ছুটে যান। মানুষের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির খবর পেয়ে তিনি ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে যান। পরে পুলিশও সেখানে পৌঁছায়। তবে স্থানীয়রা যাওয়ার আগেই ডাকাতেরা মালামাল লুট করে পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, নির্জন সড়কটির সুযোগ নিয়ে এর আগেও একাধিকবার ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও একই কৌশলে ডাকাতি করা হয়েছে। এতে ওই এলাকার সাধারণ মানুষের চলাচলে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সড়কে গাছ ফেলে ডাকাতি ও ছিনতাইয়ের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল পাঠানো হয়। তবে পুলিশ ও স্থানীয় লোকজন পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম