চট্টগ্রামের রাউজানে মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার পূরণ না হওয়াকে কেন্দ্র করে মুতাহা আকতার (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুতাহা ওই গ্রামের মো. আজগর আলী ও বুলবুলি আকতার দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের বরাতে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মুতাহা তার বাবা-মায়ের কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করছিল। তবে দিনমজুরি করে সংসার চালানো বাবার পক্ষে মেয়ের সেই আবদার পূরণ করা সম্ভব হচ্ছিল না। এ নিয়ে অভিমান থেকে সে আত্মহত্যা করেছে বলে দাবি স্থানীয়দের।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে। প্রাথমিক তদন্তে মোবাইল ফোন কিনে না দেওয়ার বিষয়টি সামনে এসেছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম