বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের উজিরপুরে সুরভী পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহত তিনজনই ১৪ বছর বয়সী কিশোর এবং এ বছর একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় আধাঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
নিহতরা হলেন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহিদ (১৪) এবং ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিম (১৪)। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন কিশোর একটি মোটরসাইকেলে করে আটিপাড়া থেকে ধামসর যাচ্ছিল। পথে বরিশাল থেকে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়।
উজিরপুর মডেল থানার পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত সুরভী পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপার কাউকেই পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে কিছুটা যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম