বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় অপহৃত চালক রফিকুল ইসলামকে (৪৩) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে শহরের পুরান বগুড়া এলাকার শেরেবাংলা নগরের একটি দোতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার সাবগ্রাম দক্ষিণপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে সজীব আহম্মেদ (৩২), শিবগঞ্জ উপজেলার কামতারা পশ্চিমপাড়া এলাকার মৃত ইছাহাক প্রামাণিকের ছেলে লজিম প্রামাণিক (৪০) এবং মালগ্রাম উত্তরপাড়া এলাকার মামুন শেখের ছেলে সোহান শেখ (১৮)।
শুক্রবার জেলা গোয়েন্দা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার রাতে একদল অজ্ঞাত ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে সিএনজিচালক রফিকুল ইসলামকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে শহরের পুরান বগুড়ার একটি বাড়িতে আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়। দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাকে বিবস্ত্র করা হয় এবং সঙ্গে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এরপর রফিকুলের স্ত্রী হাজেরা বেগমের ফোনে কল দিয়ে অপহরণকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। রফিকুলকে আদালতের মাধ্যমে চালান করে দেওয়ার ভয় দেখিয়ে ২০ মিনিটের মধ্যে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্বজনরা টাকা দিতে রাজি না হলে ফোনে রফিকুলের কান্নাকাটি ও চিৎকার শোনানো হয়।
এ অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ডিবি কার্যালয়ে গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানান রফিকুলের স্ত্রী হাজেরা বেগম।
অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে পলাতক আসামি মেহেদী হাসান শিহাবের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। এ সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে জখম অবস্থায় রফিকুল ইসলামকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং ছিনিয়ে নেওয়া ও আদায় করা নগদ দুই হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, ভুয়া ডিবি পরিচয়ে অপহরণের শিকার চালককে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে লজিম প্রামাণিকের বিরুদ্ধে চুরিসহ দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম