আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটে ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) প্রতিষ্ঠিত ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’-এর সিলেট জেলা নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সিলেটস্থ প্যারালাক্স পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের নিরাপদ চলাচল ও সড়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডা. জহিরুল ইসলামের উদ্যোগে এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। নিরাপদ যাতায়াতের পরিবেশ গড়ে তুলতে সংগঠনটি যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘নিরাপদ যাতায়াত আমাদের সবার দায়িত্ব।’ সকলের সচেতন পথচলা নিশ্চিত করতে সম্মিলিতভাবে নিরাপদ যাতায়াতের পরিবেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে স্ক্রিন প্রেজেন্টেশনের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌপথের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিলেট-ঢাকা মহাসড়কের বর্তমান পরিস্থিতি নিয়েও অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে চালক, পথচারী, যাত্রী, পরিবহন মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেকের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
যোগফল অনলাইন নিউজ ডেস্ক