যোগফল প্রতিবেদক:
শেখ হাসিনার সরকারের সময়ে বিরোধী দল ও মতের মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফরহাদনগরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, তারা একটি অন্ধকার সময় পার করে এসেছেন। বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন না। বাইরে বের হয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কি না, সেই নিশ্চয়তাও ছিল না।
তিনি অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মী, শিশু ও শিক্ষার্থীদের হত্যার ক্ষেত্রেও দ্বিধা করেননি। তার আমলে দেশে দীর্ঘদিন গুম-খুনের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের বিভিন্ন এলাকায় পুলিশ ও র্যাবের হাতে মানুষের রক্ত ঝরেছে। ওই সময়ের সহিংসতার শিকার হন শহীদ যুবদল নেতা হারুনুর রশীদ।
অনুষ্ঠানে রিজভী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হারুনুর রশীদের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন। তিনি বলেন, পুলিশের গুলিতে হারুনুর রশীদের মৃত্যু হয়েছে। তার পরিবারের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব। তারেক রহমানের নির্দেশনায় পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশ্রাফ উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে রুহুল কবির রিজভী শহীদ হারুনুর রশীদের কবর জিয়ারত করেন এবং তার বাড়ি পরিদর্শন করেন। এ সময় নিহতের স্ত্রী জোহরা আক্তার, মেয়েরা মাজেদা আক্তার ও আকলিমা আক্তার এবং ছেলে তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। নতুন বাড়ি পেয়ে তারা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং হারুনুর রশীদের হত্যার ঘটনায় জড়িত পুলিশ সদস্যের দ্রুত বিচার দাবি করেন।
হারুনুর রশীদের পরিবারের জন্য নতুন বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০২৬ সালের ১২ এপ্রিল। এর আগে ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম