যোগফল প্রতিবেদক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের লেবুহ পুদু এলাকায় যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৭২ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশির কাগজপত্র যাচাই করা হয়।
ইমিগ্রেশন বিভাগের ২১৮ জন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি সংস্থার মোট ৩৩৭ সদস্য অভিযানে অংশ নেন। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক হামশা ইনজাউ জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। তাদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে।
আটক ব্যক্তিরা বাংলাদেশ, মিয়ানমার, ফিলিপাইন, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, চীন, সৌদি আরব ও জিম্বাবুয়ের নাগরিক। বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং অস্বীকৃত বা সন্দেহজনক নথি ব্যবহারের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়া ও তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে। তবে যাদের বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র পাওয়া গেছে, তাদের ছেড়ে দেওয়া হয়।
কর্তৃপক্ষ জানায়, সাপ্তাহিক ছুটিতে কেনাকাটা ও ভ্রমণের উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিলেন বিদেশিরা। লেবুহ পুদু এলাকায় বিদেশিদের অতিরিক্ত উপস্থিতি এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান অবৈধভাবে পরিচালনার অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে অবস্থানকারী ও ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের পাশাপাশি তাদের আশ্রয়দাতা ও নিয়োগকর্তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের স্বেচ্ছায় দেশে ফিরতে সরকারের ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’-এর সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম