যোগফল প্রতিবেদক:
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ওই বৃদ্ধাশ্রমের বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে পিত্রুফকেনের এল এদেন বৃদ্ধাশ্রমে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় সেখানে থাকা আরও ১০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্তে নেতৃত্ব দেওয়া সরকারি কৌঁসুলি হোর্হে গ্রানাদা জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়।
অগ্নিকাণ্ডের পর চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত দেশের সব বৃদ্ধাশ্রমের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, আগুন প্রতিরোধ বা তদারকির ক্ষেত্রে কোনো ধরনের ব্যর্থতা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না এবং দেওয়া হয়ে থাকলে সে অনুযায়ী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেটিও তদন্ত করা হবে।
প্রেসিডেন্ট কাস্ত আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম