যোগফল প্রতিবেদক:
পাবনার ঈশ্বরদীতে ট্রলার দুর্ঘটনার দুইদিন পর পদ্মা নদী থেকে রাকিবুজ্জামান রকি (৩০) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
নিহত রাকিবুজ্জামান ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকার মৃত হাছান আলীর ছেলে। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।
নৌ-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপার কাতলাগাড়ী ঘাট থেকে প্রায় ১২০ জন একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে যান। ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ট্রলারটি সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে রাকিবুজ্জামানসহ তিনজন নদীতে পড়ে যান।
পরে স্থানীয় জেলেরা লিটন (৩৮) ও ওহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করেন। তবে রাকিবুজ্জামানের কোনো সন্ধান পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ি, ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। শুক্রবার রাতে ও শনিবার দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি।
এরপর রোববার সকালে পদ্মা নদীতে রাকিবুজ্জামানের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ট্রলার দুর্ঘটনার পর থেকেই রাকিবুজ্জামান রকি নিখোঁজ ছিলেন। রোববার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম