যোগফল প্রতিবেদক:
বিশ্বকাপের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুতে ফিফা আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামার কথা রয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। ওই সময় সম্ভাব্য দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ সামনে রেখে এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি।
আসন্ন আন্তর্জাতিক সূচির জন্য স্কালোনির সম্ভাব্য দলে দেখা যেতে পারে বেশ কিছু চমক। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরতে পারেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া। বিশ্বকাপে চোটের কারণে খেলতে না পারা লিওনার্দো বালের্দিও আবারও দলে জায়গা পেতে পারেন।
এ ছাড়া রোমার ফরোয়ার্ড সান্তি কাস্ত্রোকেও বিবেচনায় রেখেছেন স্কালোনি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিভার প্লেটের কয়েকজন খেলোয়াড়ও এবার জাতীয় দলের দরজা খুলে পেতে পারেন।
তবে নিয়মিত একাদশের সদস্য থিয়াগো আলমাদা এই দফায় থাকছেন না। বিশ্বকাপ ফাইনালের ঘটনার জেরে ফিফার দেওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে তাকে পাওয়া যাচ্ছে না।
এবারের স্কোয়াড তুলনামূলক বড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন ও পুরোনো খেলোয়াড়দের পরখ করতে একাধিক ম্যাচে ভিন্ন ভিন্ন একাদশ মাঠে নামানোর পরিকল্পনাও থাকতে পারে স্কালোনির।
বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ এবং রদ্রিগো দি পলকে দলে রাখার সম্ভাবনা রয়েছে। তবে নিষেধাজ্ঞার কারণে লেয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে পাওয়া যাবে না। পারেদেস ১০ ম্যাচ এবং মোলিনা সাত ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন।
জাতীয় দল থেকে অবসর নেওয়ায় নিকোলাস ওতামেন্দিও এবার থাকছেন না। তার অনুপস্থিতিতে ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোকে দলের অন্যতম নেতা হিসেবে সামনে আনা হতে পারে। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর রোমেরোকেই ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে।
মেসিকে অবশ্য আসন্ন আন্তর্জাতিক বিরতিতে দলে পাওয়ার সম্ভাবনা কম। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দেশের মাটিতে সমর্থকদের সামনে তাকে আরেকবার খেলাতে চায়। তবে সেই মুহূর্তের জন্য এখনই প্রস্তুত নন আর্জেন্টাইন মহাতারকা।
এদিকে স্কালোনির ভবিষ্যৎ নিয়েও রয়েছে কিছুটা অনিশ্চয়তা। তার বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বরেই শেষ হওয়ার কথা। তবে আর্জেন্টিনার দায়িত্বে তাকে আরও কিছুদিন রাখার বিষয়ে এএফএ নতুন করে আলোচনা শুরু করার পরিকল্পনা করছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম