যোগফল প্রতিবেদক:
ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ যাত্রীবাহী ফেরি ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ থেকে ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহও উদ্ধার করেছে অনুসন্ধান ও উদ্ধারকারী দল। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
খারাপ আবহাওয়ার মধ্যে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। ফেরিটিতে মোট ২৪৩ জন আরোহী ছিলেন।
ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তান প্রদেশের বানজারমাসিন শহরের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে ফেরিটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়।
নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে একাধিক অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি একটি হেলিকপ্টারও উদ্ধার অভিযানে যুক্ত করা হয়েছে। জাভা সাগরের ওই এলাকার অন্যান্য নৌযানকে সতর্ক করে আশপাশে কোনো যাত্রী বা ফেরির ধ্বংসাবশেষ দেখা গেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্ধারকারী দল জানিয়েছে, নিখোঁজ যাত্রীদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত মাসে ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজন নিহত হন।
১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় দ্বীপগুলোর মধ্যে যাতায়াতে ফেরি ও অন্যান্য নৌযান ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দেশটিতে নৌযান দুর্ঘটনার ঘটনাও নিয়মিত ঘটে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম