যোগফল প্রতিবেদক:
ভোলার বোরহানউদ্দিনে দুই কন্যাসন্তানকে রেখে স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী রিয়াজ। একই সঙ্গে তার জমানো টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি। এর মধ্যে সন্তানদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রিয়াজ।
প্রবাসী রিয়াজের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি বিদেশে থেকে পরিবারের ভরণপোষণ ও ভবিষ্যতের জন্য অর্থ উপার্জন করে আসছিলেন। সম্প্রতি তিনি জানতে পারেন, তার স্ত্রী দুই কন্যাসন্তানকে রেখে অন্য এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন। এ সময় তার জমানো অর্থ ও স্বর্ণালংকারও নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে অর্থ-সম্পদের চেয়ে দুই কন্যাসন্তানের নিরাপত্তা নিয়েই বেশি দুশ্চিন্তায় রয়েছেন বলে জানিয়েছেন রিয়াজ। তার দাবি, স্ত্রী যে ব্যক্তির সঙ্গে চলে গেছেন বলে তিনি অভিযোগ করছেন, তার বিভিন্ন ছবি ও তথ্য ব্যবহার করে দুই মেয়েকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
এমন হুমকির কারণে সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান তিনি। প্রবাসে অবস্থান করায় পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ আরও বেড়েছে। সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমানে তার প্রধান দাবি।
রিয়াজের অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। হুমকির সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুই কন্যাসন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রবাসী রিয়াজ ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং তার দুই কন্যাসন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম