যোগফল প্রতিবেদক:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খেয়াঘাট আবাসন এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে এলাকাটিতে বেশ কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে খেয়াঘাট আবাসন এলাকায় লিফলেট বিতরণ, মাইকিং ও কমিউনিটি ডায়লগের আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি এবং এডিস মশার বংশবিস্তার রোধে করণীয় সম্পর্কে এলাকাবাসীকে বিভিন্ন তথ্য জানানো হয়।
সচেতনতামূলক কার্যক্রমে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বৃষ্টির পর বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার ও ড্রামসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তি বা কোনো একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। সম্মিলিতভাবে সচেতনতা তৈরি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
স্থানীয় বাসিন্দারাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা জরুরি।
কর্মসূচির মাধ্যমে খেয়াঘাট আবাসন এলাকার বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
সচেতনতামূলক কর্মসূচিটি ব্যবস্থাপনা করে জেলা তথ্য অফিস, পটুয়াখালী। এটি বাস্তবায়ন করে ‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠন এবং সহযোগিতায় ছিল ইউনিসেফ (UNICEF)।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম