যোগফল প্রতিবেদক:
চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সদর ও হাইমচর উপজেলার ৫৭১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলায় প্রথমবারের মতো এ আয়োজন করেছে জেলা শিক্ষা অফিস।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুনিরা ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও ধর্মীয় চর্চায় মনোযোগী হতে হবে। চাঁদপুরকে শিক্ষার ক্ষেত্রে ‘ওয়ান স্টপ সার্ভিস’ হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়ে তিনি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান আরও উন্নত করার কথা বলেন।
তিনি জানান, চলতি বছর চাঁদপুর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় এক হাজার ২২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সদর ও হাইমচর উপজেলার ৫৭১ জন। এই সাফল্যকে জেলার জন্য গর্বের বিষয় উল্লেখ করে তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
শেখ ফরিদ আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ভূমিদখলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করে চাঁদপুরকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, শিক্ষার্থীদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার পাশাপাশি মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। আলোচনা শেষে সদর ও হাইমচর উপজেলার জিপিএ-৫ পাওয়া ৫৭১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম