যোগফল প্রতিবেদক:
সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় ড্রোন হামলার পর ইরানের সঙ্গে শালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাগদাদ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরবে হামলার ঘটনায় দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইরাকে ব্যাপক অভিযান চলছে। এরই মধ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে শুক্রবার সৌদি আরব জানায়, ইরাক থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আঘাত হেনেছে। এ হামলার পর মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে ইরান সীমান্তে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইরাকি নিরাপত্তা সূত্র।
এদিকে ইরান-সমর্থিত হুথি বাহিনী ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে দ্রুত অগ্রসর হওয়ায় তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে চাপ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
তবে সৌদি যুবরাজের অনুরোধের পরও সরাসরি মার্কিন সামরিক বাহিনীকে অভিযানে যুক্ত করতে এখনো সম্মত হননি ট্রাম্প। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তার প্রস্তাব দিয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম