যোগফল প্রতিবেদক:
রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ থানাধীন শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পাশের কক্ষের এক ভাড়াটিয়া পচা গন্ধ পেয়ে আনোয়ার হোসেনকে খুঁজতে যান। পরে তাকে বাসার ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে। এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে আনোয়ার হোসেন স্ট্রোকে মারা গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মুহাম্মদ আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের অ্যানেক্স বিল্ডিংয়ের প্রথম তলার ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার ছিল। তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে একাই থাকতেন। তার পরিবার গ্রামে থাকে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন বলেন, আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট ছিলেন। তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে থাকতেন।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। লাশটি দুই থেকে তিন দিন আগের হতে পারে। তার ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
পুলিশের সুরতহালসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম