যোগফল প্রতিবেদক:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে অপপ্রচার ও ভুয়া খবর তৈরির একটি দীর্ঘস্থায়ী নেটওয়ার্ক শনাক্ত করে বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির সেপ্টেম্বরের ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্টে’ এ তথ্য প্রকাশ করা হয়েছে।
অ্যানথ্রপিকের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র একজন ব্যক্তির পরিচালনায় ২৯টি অ্যাকাউন্ট ব্যবহার করে এআইয়ের মাধ্যমে প্রায় দেড় হাজার ভুয়া খবরের শিরোনাম, দেড় হাজার ছবির প্রম্পট এবং ৩০০টি কাল্পনিক ঘটনার বিবরণ তৈরি করা হচ্ছিল।
এসব কনটেন্টের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করা এবং দলটির রাজনৈতিক প্রতিপক্ষদের আক্রমণ করা।
প্রতিবেদনে বলা হয়, অ্যানথ্রপিকের তৈরি এআই মডেল ‘ক্লড’ ব্যবহার করে এসব ভুয়া কনটেন্ট তৈরি করা হচ্ছিল। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় অ্যানথ্রপিক এটিকে সরকারি প্রচারণা নয়, বরং বিরোধী দলের পক্ষে পরিচালিত একটি কার্যক্রম হিসেবে উল্লেখ করেছে।
তবে আওয়ামী লীগ সরাসরি এই নেটওয়ার্ক পরিচালনা বা অর্থায়ন করেছে—এমন কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যানথ্রপিকের তদন্তে উঠে এসেছে, পুরো কার্যক্রমটি বাংলাদেশের গাইবান্ধা জেলার একজন ব্যক্তি এককভাবে পরিচালনা করছিলেন। প্ল্যাটফর্মের শনাক্তকরণ এড়ানো এবং ব্যবহারের সীমা অতিক্রম করতে তিনি প্রায় ১৬ মাস ধরে ২৯টি ক্লড অ্যাকাউন্ট ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করেন।
ওই ব্যক্তি ‘ফেইক_নিউজ_থ্রি_ডটপাই’ নামে পাইথন ভাষায় তৈরি একটি নিজস্ব সফটওয়্যার ব্যবহার করতেন। সফটওয়্যারটি সরাসরি ক্লডের এপিআইয়ের সঙ্গে যুক্ত হয়ে ব্যাচ আকারে কনটেন্ট তৈরি করত।
প্রতিটি ব্যাচে ১৫টি শিরোনাম, তিনটি বিস্তারিত সাজানো খবর এবং ছবি তৈরির জন্য ১৫টি ইংরেজি প্রম্পট থাকত। পরে তৈরি করা কনটেন্টগুলো নির্দিষ্ট ক্লাউড স্টোরেজে জমা করা হতো। সেখান থেকে এসব কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে অডিও ও ভিডিওতে রূপান্তর করা হতো।
অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের তদন্তে নেটওয়ার্কটির কার্যক্রম শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম