যোগফল প্রতিবেদক:
খুলনা মহানগরীর দৌলতপুরে জলিল মুন্সী (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দৌলতপুর থানা সংলগ্ন কুলিবাগান মোড়ে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জলিল মুন্সী কুলিবাগান এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল। এ সময় মোটরসাইকেলে করে আসা তিনজন সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। এতে তার বুক ও পিঠে গুলি লাগে। গুলি করার পর হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সুদর্শন রায় হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় পুলিশের একটি টহল দল মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাওয়া করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
ডিসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত জলিল জুট প্রেসের শ্রমিক ছিলেন। সম্প্রতি তার কাছে কে বা কারা চাঁদা দাবি করেছিল—এমন তথ্যও পুলিশ পেয়েছে। মাদক-সংক্রান্ত লেনদেন অথবা চাঁদাবাজির বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম