যোগফল প্রতিবেদক:
চাঁদপুরের মতলব দক্ষিণে এক কিশোরীকে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক চা দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা করেন।
অভিযুক্ত মোবারক হোসেন সরদার (৫২) লেজাকান্দি গ্রামের হোসেন আলী সরদারের ছেলে। বাড়ির পাশেই তার একটি চায়ের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন-চার মাস আগে ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন বলে মোবারক সরদারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পরে ওই ভিডিওর কথা বলে কিশোরীকে ভয়ভীতি দেখানোরও অভিযোগ ওঠে। একপর্যায়ে ভিডিওটি বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের।
কিশোরীর বাবা জানান, ভিডিওটি বিভিন্ন মোবাইলে ছড়িয়ে পড়ার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মোবারক সরদারের বাড়িতে এ নিয়ে সালিশ বসার কথা ছিল। তবে তিনি সালিশে উপস্থিত না হয়ে পালিয়ে যান। পরদিন সকালে বাড়িতে ফিরলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে মারধর করে পুলিশে খবর দেন।
কিশোরীর বাবা অভিযোগ করেন, ঘটনার কারণে তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অভিযুক্তের স্ত্রীও তার স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে এ বিষয়ে সালিশ হওয়ার কথা থাকলেও তার স্বামী সেখানে উপস্থিত ছিলেন না। পরে শুক্রবার সকালে বাড়িতে ফিরলে এলাকাবাসী তাকে মারধর করেন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোবারক সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ভাই বাদী হয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম