যোগফল প্রতিবেদক:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগটিয়ায় ঈদগাহ ও খেলার মাঠের জমি সংরক্ষণ এবং রেকর্ড-সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঘাগটিয়া দারুল উলূম হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
খেলু মিয়ার সভাপতিত্বে এবং এম সালমান আহমদ সুজনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আবুল কালাম আযাদ, মনির উদ্দীন (সাবেক ইউপি সদস্য), হাজী রহীমুদ্দীন, মাওলানা জাহিদুর রহমান, আমিনুল হক মাস্টার, শাহাবুদ্দিন (আমিন), মাসুদ রানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঈদগাহ ও খেলার মাঠ গ্রামের সর্বসাধারণের ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ স্থান। জনসাধারণের ব্যবহারের জন্য দান করা এসব জমি ব্যক্তিগত নামে রেকর্ডভুক্ত হওয়া উচিত নয়। তাই ঈদগাহ ও খেলার মাঠের জমি জনস্বার্থে সংরক্ষণের ওপর গুরুত্ব দেন তারা।
এ সময় এলাকাবাসী বলেন, ঈদগাহ ও খেলার মাঠের জমি ব্যক্তিগত নামে রেকর্ড হয়ে থাকলে বিষয়টি যাচাই-বাছাই করা প্রয়োজন। রেকর্ডে কোনো অনিয়ম পাওয়া গেলে সরকারি নিয়ম অনুযায়ী তা সংশোধন বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
জনস্বার্থে ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় সরকারি ও আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সভায় উপস্থিত এলাকাবাসী একমত পোষণ করেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম