যোগফল প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করতে পারে, তা ২০২৪ সালে দেখা গেছে। পরিচ্ছন্নতা অভিযানেও তরুণরা আন্তরিকভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড়াই কোটি শিক্ষার্থী। এতগুলো মানুষ—আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, তাহলে কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এখন আপনাদের দায়িত্ব নিতে হবে, দেশটাকে আমরা কীভাবে গড়ে তুলব।’
তিনি আরও বলেন, ‘একটি দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে তা করা সম্ভব। তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, তা ২০২৪ সালের ৫ আগস্ট পুরো বিশ্বকে দেখিয়েছে। কাজেই পরিবর্তনের সূচনা তরুণ সমাজ সেখান থেকেই করেছে।’
প্রধানমন্ত্রী সমাবেশে উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘আগামী তিন মাস আমরা ডেঙ্গুর যে সমস্যাটা, সেটার সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা শতভাগ করতে পারব না। কিন্তু ৮০ শতাংশ আমরা পারব।’
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ডেঙ্গু যেসব কারণে হয়, আমরা সবাই জানি। ভাঙা-চোরা জিনিস, কাগজপত্র, প্লাস্টিকের বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় পড়ে থাকে, সেখানে পানি জমে এডিস মশা তৈরি হয়। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তাহলে আমরা আমাদের দেশের পরিবর্তন ঘটাতে পারব।’
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম