যোগফল প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশু রিফাত হোসেনকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও পরে হত্যার মামলায় তার চাচা মাসুম বিল্লাহকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।
দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুরের নেছারাবাদ থানার বলদিয়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন। নিহত রিফাত একই এলাকার রাসেল মোল্লার ছেলে এবং স্থানীয় কাজী মহিউদ্দিন মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ মার্চ রমজান মাসে জোহরের নামাজ পড়তে বাসা থেকে বের হয় রিফাত। এ সময় তার চাচা মাসুম বিল্লাহ তাকে অপহরণ করেন। পরে শিশুটির পরিবারের কাছে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
রিফাতের মা সুফিয়া আক্তার মুক্তিপণের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে একটি পরিত্যক্ত ঘরের ভেতর শিশুটির মরদেহ ফেলে রাখা হয়।
ওই রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন রিফাতের মা। হত্যার পর মাসুম বিল্লাহ পিরোজপুরে তার গ্রামের বাড়িতে চলে যান। সেখানে নেছারাবাদ থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মানিক মিয়া বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামি মাসুম বিল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম