যোগফল প্রতিবেদক:
মাগুরার শ্রীপুরে অবৈধভাবে মজুত করে রাখা ৩২৮ বস্তা সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার জব্দের ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লাঙ্গলবাঁধ ও কোদলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহীন জোয়ার্দার (৫৫) ও নবাব জোয়ার্দার (৫৮)। তারা মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত ও কালোবাজারির অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা থেকে ৬ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিট পর্যন্ত উপজেলার ২ নম্বর আমলসার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে আমলসার এলাকার শহীদ জোয়ার্দারের দোকানঘর ও বসতবাড়ি এবং নবাব জোয়ার্দারের দোকানঘর থেকে বিভিন্ন ধরনের মোট ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
এ ঘটনায় শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর ২৫(১) ধারায় শাহীন জোয়ার্দার ও নবাব জোয়ার্দারকে আসামি করে মামলা করা হয়।
মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলসহ পুলিশের বিভিন্ন ইউনিট। পরে সোমবার সকালে লাঙ্গলবাঁধ ও কোদলা এলাকায় অভিযান চালিয়ে শাহীন জোয়ার্দার ও নবাব জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার অবৈধভাবে মজুত ও কালোবাজারির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, সরকারি বরাদ্দের সার নিয়ে অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অনিয়মের তথ্য পুলিশকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম