যোগফল প্রতিবেদক:
এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে চীনে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ হকি দল। এরই ধারাবাহিকতায় তৃতীয় ম্যাচে স্বাগতিক চীনের জাতীয় দলের বিপক্ষে ৬-৫ গোলে হেরেছে বাংলাদেশ।
সোমবার তিয়ানজিনের জিংহাই ডিস্ট্রিক্ট তুয়ানবো স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই চীনের বিপক্ষে সমানতালে লড়াই করে বাংলাদেশ। ম্যাচের একপর্যায়ে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল রোমান-আমিরুলরা। তবে শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন রকি। এছাড়া আশরাফুল, আমিরুল ও মাহবুব একটি করে গোল করেন।
এর আগে প্রস্তুতি সিরিজের প্রথম দুটি ম্যাচে চীনের প্রাদেশিক দলের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচেই প্রথমবারের মতো চীনের মূল জাতীয় দলের মুখোমুখি হয় তারা।
এশিয়ান গেমসের আগে বাকি প্রস্তুতি ম্যাচগুলোতে নিজেদের ঘাটতি কাটিয়ে আরও ভালো পারফরম্যান্সের লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম