যোগফল প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, আগুন লাগার সময় মার্কেটের ভেতরে কয়েকজন মানুষ আটকা পড়েন। তাদের মধ্যে কয়েকজন সিঁড়ি দিয়ে ভবনের ছাদে উঠে নিরাপদে থাকার চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম