যোগফল প্রতিবেদক:
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধার গলার স্বর্ণের চেইন কাটার সময় শাহানা (২৬) নামে এক নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) নিচতলায় এ ঘটনা ঘটে।
আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী। ভুক্তভোগী শাহানারা (৬৫) যশোর সদর উপজেলার বড় মেঘলা এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসাসেবা নিতে সিসিইউর নিচতলায় অবস্থান করছিলেন শাহানারা। এ সময় পেছন থেকে তাঁর ওড়নার ভেতর হাত ঢুকিয়ে গলার স্বর্ণের চেইন কাটার চেষ্টা করেন শাহানা। ধারালো কাটার দিয়ে চেইন কাটার বিষয়টি টের পেয়ে শাহানারা ও আশপাশের লোকজন তাকে ধরে ফেলেন।
পরে আটক নারীর কাছ থেকে প্রায় আট আনা ওজনের কেটে ফেলা স্বর্ণের চেইন এবং চেইন কাটতে ব্যবহৃত ধারালো কাটার উদ্ধার করা হয়।
ঘটনার পর স্থানীয়রা শাহানাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম