যোগফল প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সৃজয়ী ওই গ্রামের শাওন দাসের একমাত্র মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনায় খেলছিল সৃজয়ী। এ সময় তার মা রান্নাঘরে এবং বাবা শাওন দাস বাথরুমে ছিলেন। কিছুক্ষণ পর বাবা বাইরে এসে মেয়েকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম