যোগফল প্রতিবেদক:
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে সিফাত আব্দুল্লাহর পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি। শুনানি শেষে তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ বিল ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের বক্তব্য বা কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টি মামলার এজাহারে উল্লেখ নেই। এমনকি রাষ্ট্রপক্ষের শুনানিতেও বিষয়টি তোলা হয়নি বলে দাবি করেন তিনি।
আইনজীবী আরও বলেন, গত ৪ জুনের একটি মামলায় সিফাতকে গ্রেফতার দেখানো হয়েছে, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকির রহমান দাবি করেন, সিফাত আব্দুল্লাহ ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সোমবার তার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছেন।
এর আগে ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নেওয়া হয়।
সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। পরে সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় ৪ সেপ্টেম্বর দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম