যোগফল প্রতিবেদক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরা। বয়স ৫২ হলেও তার ফিটনেস ও ত্বকের সৌন্দর্য এখনো ভক্তদের নজর কাড়ে। স্বাস্থ্যকর ও আর্দ্র ত্বক ধরে রাখতে নিয়মিত যত্ন নেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ঘুমাতে যাওয়ার আগে নিজের ত্বকের যত্নের রুটিন ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।
ভিডিওতে মালাইকা জানান, সারাদিনের ব্যস্ততার পর রাতে ঘুমানোর আগে ত্বক পরিষ্কার ও আর্দ্র রাখার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন। মেকআপ ভালোভাবে তুলে ফেলার পাশাপাশি ত্বকের যত্নে কয়েকটি ধাপ অনুসরণ করেন তিনি।
মালাইকার রাতের রুটিনের শুরু হয় ডাবল ক্লিনজিং দিয়ে। প্রথমে ক্লিনজিং বাম ব্যবহার করে মুখের মেকআপ ও ত্বকে জমে থাকা অন্যান্য অবশিষ্টাংশ পরিষ্কার করেন তিনি। এরপর হালকা গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে মুখ মুছে নেন।
প্রথম ধাপে পরিষ্কার করার পর সাধারণ একটি ক্লিনজার দিয়ে আবার মুখ ধুয়ে নেন মালাইকা। এটিকে তিনি ডাবল ক্লিনজিংয়ের দ্বিতীয় ধাপ হিসেবে উল্লেখ করেন।
মুখ পরিষ্কার করার পর ত্বকের আর্দ্রতা ধরে রাখার দিকে নজর দেন অভিনেত্রী। প্রথমে মুখে মিস্ট স্প্রে করেন। এরপর হায়ালুরোনিক অ্যাসিড-ভিত্তিক একটি প্রোডাক্ট ব্যবহার করেন। পরে পেপটাইড সিরাম লাগান। বর্তমানে এই সিরামটি তার বেশ পছন্দ বলেও জানান তিনি।
এরপর মালাইকা ব্যবহার করেন একটি তেল-ভিত্তিক নাইট সিরাম। এই সিরামটির প্রতি নিজের বিশেষ আগ্রহের কথাও ভিডিওতে জানান অভিনেত্রী।
ত্বকের পাশাপাশি চোখের যত্নেও গুরুত্ব দেন মালাইকা। এরপর চোখের ক্রিম ব্যবহার করেন তিনি। ত্বক কিছুটা শুষ্ক মনে হলে কয়েক ফোঁটা হাইড্রেটিং প্রোডাক্টও লাগান। হাতে অতিরিক্ত প্রোডাক্ট থেকে গেলে তা ফেলে না দিয়ে ত্বকে ব্যবহার করার পরামর্শও দেন তিনি।
সবশেষে ঠোঁটে বাম লাগিয়ে রাতের স্কিন কেয়ার রুটিন শেষ করেন মালাইকা। ভিডিওর শেষে ভক্তদের শুভরাত্রি জানিয়ে বিদায় নেন তিনি।
মালাইকা অরোরা ১৯৯৮ সালে অভিনেতা-প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেন। তাদের এক ছেলে রয়েছে, আরহান খান। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।
বলিউডের বেশ কয়েকটি জনপ্রিয় গানে নাচের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান মালাইকা। ‘দিল সে’ সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ এবং ‘দাবাং’ সিনেমার ‘মুন্নি বদনাম হুই’ গানে তার পারফরম্যান্স বিশেষভাবে জনপ্রিয়। পাশাপাশি বিভিন্ন টেলিভিশন রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম