যোগফল প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় গরু চোর সন্দেহে দুইজনকে আটক করে গণপিটুনির অভিযোগ উঠেছে। এতে শিমুল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে জোতকাদিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শিমুল হোসেন ও একই গ্রামের নবীন শাহার ছেলে শমজান আলী (৪০) ইয়ার আলীর বাড়িতে গরু চুরি করতে যান বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে গেলে তারা পালানোর চেষ্টা করেন।
পরে স্থানীয়রা তাদের ধাওয়া করে আটক করেন এবং একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন বলে জানা গেছে। সকালে তাদের কয়েক দফা মারধর করা হয়। খবর পেয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিমুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে শমজান আলীর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সালাউদ্দিন আহমেদ লিটন বলেন, ওই দুজন মাদকাসক্ত এবং এলাকায় তেমন কোনো কাজ করেন না। সোমবার রাতে গরু চুরি করতে গিয়ে তারা স্থানীয়দের হাতে আটক হন। পরে গণপিটুনিতে শিমুলের মৃত্যু হয়েছে।
বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, শিমুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় গরুর মালিক ইয়ার আলী থানায় অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম