যোগফল প্রতিবেদক:
পাবনা সদর উপজেলার থানা মোড় ও গোডাউন মোড় এলাকায় চিকিৎসা-বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় দুটি ক্লিনিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ পাওয়ায় মিড টাউন ক্লিনিক ও সোমা ক্লিনিককে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা ও সালমা আক্তার। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযান পরিচালনায় পাবনা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং চিকিৎসা-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোকে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম