যোগফল প্রতিবেদক:
ইংল্যান্ডের একটি মুদি দোকানে পাউরুটির তাক থেকে একটি ছোট কর্ন স্নেক উদ্ধার করা হয়েছে। দেশটির প্রাণী শিক্ষাবিষয়ক একটি সংগঠনের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত এ ধরনের ২১টি সাপ উদ্ধারের ঘটনা ঘটেছে।
গত ১৪ আগস্ট মেরিপোর্টের হেরন ফুড স্টোরের পাউরুটির অংশে সাপটিকে দেখতে পান দোকানের কর্মীরা। পরে সেটিকে উদ্ধার করে ওয়ার্কিংটনভিত্তিক প্রাণী সংগঠন পেট এনকাউন্টারের কাছে হস্তান্তর করা হয়।
পেট এনকাউন্টারের প্রাণী পরিচর্যাকারী বেন নিকলসন জানান, সাম্প্রতিক সময়ে সাপ উদ্ধারের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছর এ পর্যন্ত সংগঠনটি ২১টি সাপ উদ্ধার করেছে। অথচ ২০২৫ সালে পুরো বছরে এই সংখ্যা ছিল ১৪টি।
তার মতে, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে কিছু পোষা প্রাণীর মালিক তাদের প্রাণীর প্রয়োজনীয় খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন।
বেন নিকলসন বলেন, সাপ পালনের জন্য বিশেষ ধরনের সরঞ্জাম প্রয়োজন হয়। এর মধ্যে হিট ম্যাট, হিট বাল্বসহ বিভিন্ন উপকরণ রয়েছে, যেগুলোর জন্য নিয়মিত বিদ্যুৎ ও অর্থ ব্যয় করতে হয়। কিন্তু বর্তমান জীবনযাত্রার ব্যয় সংকটের কারণে অনেকেই বিদ্যুতের ব্যবহার কমানোর চেষ্টা করছেন। এর প্রভাব পড়ছে পোষা প্রাণী পালনের ক্ষেত্রেও।
প্রাণী সংগঠনটির আশঙ্কা, পাউরুটির তাক থেকে সাপ উদ্ধারের ঘটনাটি হয়তো আরও বড় একটি সমস্যার সামান্য অংশ মাত্র। পরিবারের ব্যয় বাড়তে থাকায় একদিকে পোষা প্রাণীর মালিকদের ওপর চাপ তৈরি হচ্ছে, অন্যদিকে প্রাণী উদ্ধারকারী সংগঠনগুলোকেও বাড়তি দায়িত্ব সামলাতে হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম